loader image for Bangladeshinfo

শিরোনাম

  • স্টারলিংকের অনুকূলে লাইসেন্স হস্তান্তর করলো বিটিআরসি

  • চলতি মৌসুমে রুডিগারের মাঠে নামা অনিশ্চিত

  • চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পিএসজি অগ্রগামী

  • বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে

  • হজযাত্রীদের জন্য ‘লাব্বাইক’ অ্যাপ উদ্বোধন

বাংলা একাডেমি পুরস্কারের সংশোধিত তালিকা প্রকাশিত


বাংলা একাডেমি পুরস্কারের সংশোধিত তালিকা প্রকাশিত

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪-এর সংশোধিত তালিকা প্রকাশিত হয়েছে। বাংলা একাডেমি তিনজনকে বাদ দিয়ে এই সংশোধিত তালিকা প্রকাশ করেছে। একাডেমির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার (২৯ জানুয়ারি) রাতে বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনা-সভায় স্থগিত করা পুরস্কৃত লেখক তালিকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়। শুরুতে এই তালিকায় ১০ জন কবি, লেখক ও গবেষকের নাম ছিল। তবে পুনর্বিবেচনার পরে চূড়ান্ত তালিকায় সাতজনের নাম রাখা হয়েছে।

সংশোধিত তালিকা অনুযায়ী, ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার বিজয়ীরা হলেন – কবিতায় মাসুদ খান, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, ফোকলোর-এ সৈয়দ জামিল আহমেদ।

আগের তালিকায় কথাসাহিত্যে সেলিম মোরশেদ, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হান্নান ও শিশুসাহিত্যে ফারুক নওয়াজ ছিলেন। সংশোধিত তালিকায় তাঁরা বাদ পড়েছেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালা অনুযায়ী তাঁদের জায়গায় নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করেনি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রতিবছর অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হয়। আগামী ১ ফেব্রুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।

বুধবার রাতে বাংলা একাডেমির অফিসিয়াল ফেইসবুক পেইজে একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমকে উদ্ধৃত করে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, চূড়ান্ত তালিকা থেকে তিনজনের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রতিষ্ঠানের নীতিমালা মেনেই হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার নীতিমালা'র চতুর্থ অধ্যায়, নবম ধারা অনুযায়ী নির্বাহী পরিষদ নতুন কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করতে পারবেন না এবং দশম ধারা অনুযায়ী সুপারিশকৃত কোনো নাম বিবেচনা না করার ক্ষমতা 'বাংলা একাডেমি নির্বাহী পরিষদ' সংরক্ষণ করেন।

এর আগে, বিতর্কের মুখে গত শনিবার বাংলা একাডেমি শুরুতে ঘোষিত তালিকা স্থগিত করেছিল। তারপর সংশোধিত এই তালিকা প্রকাশ করা হলো।

Loading...