
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের বহির্বিভাগ আগামী শনিবার (২৯ মার্চ) ও বুধবার (২ এপ্রিল) খোলা থাকবে। এই দুই দিন সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত বহির্বিভাগে রোগীদের চিকিৎসা-সেবা প্রদান করা হবে। বিএমইউ’র এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইউ উপাচার্য অধ্যাপক শাহিনুল আলম পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটির দিনগুলোয় যাতে চিকিৎসা-ব্যবস্থার কোনো ঘাটতি না-হয়, সেজন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এছাড়া প্রতিদিনই বিএমইউ হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা থাকবে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু থাকবে।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিএমইউ হাসপাতালের বহির্বিভাগ ২৮, ৩০ ও ৩১ মার্চ এবং ১, ৩ ও ৪ এপ্রিল বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এতে আরও বলা হয়, এর মধ্যে পবিত্র শবে কদর (লাইলাতুল কদর) উপলক্ষ্যে শুক্রবার (২৮ মার্চ) এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষ্যে ৪ এপ্রিল (শুক্রবার) বহির্বিভাগ বন্ধ থাকবে।
বন্ধের দিনগুলোয় ২৯ মার্চ (শনিবার) থেকে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সেবা বন্ধ থাকবে।